তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই দেশের অর্থনীতি ও শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনার জন্য বিজয়ী দলকে অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তরুণরা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী হন, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। পাশাপাশি রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিক ব্যবহার এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, তারা ভবিষ্যতে প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নিতে চান। এ সময় প্রধানমন্ত্রী তাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
দেশের অর্থনীতিকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, ফার্নিচার ও কসমেটিকস খাতের উন্নয়নেও সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিদেশে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদদের দেশে ফিরে এই খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান অর্জন করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক এবং বিজয়ী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :