হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির জারি করা এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে দলটির মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দলটির দাবি, এ হামলায় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এনসিপি এক বিবৃতিতে এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে। তবে এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে সেখানে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
জরুরি নির্দেশনায় এনসিপি জানায়, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ এবং ঘটনার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :