আগস্ট মাসে দেশের সড়কগুলোতে ৫১৩টি দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্টে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গড় হার ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, যানবাহনভিত্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ৫৯ শতাংশ।
এ ছাড়া দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে।
সড়কের ধরন অনুযায়ী আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক মহাসড়কে। এ ধরনের সড়কে ২১৭টি, জাতীয় মহাসড়কে ১৬৩টি, শহরের সড়কে ৭১টি এবং গ্রামীণ সড়কে ৬২টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো ও মুখোমুখি সংঘর্ষকে চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে নিহত হয়েছেন ১৪৪ জন। একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন প্রাণ হারিয়েছেন।
রাজধানী ঢাকায় আগস্টে ৪৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্টে সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন এবং ৩৪টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
সড়কে প্রাণহানি কমাতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, দক্ষ চালক তৈরি, বিআরটিএর সংস্কার এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
এ ছাড়া মহাসড়কে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস রোড নির্মাণেরও সুপারিশ করেছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :