• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০১:২৯ পিএম
জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন

জনগণকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নাগরিকদের নিরাপদ রাখার লক্ষ্যেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, গণমাধ্যমের লেখা বা মতপ্রকাশ বন্ধ করার উদ্দেশ্যে এ আইন করা হচ্ছে না।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীন মতপ্রকাশ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এ আইন প্রণয়নের উদ্দেশ্য বলে জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের আটক করার বিষয়েও সরকারের অবস্থান নমনীয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আদালতের অনুমতি ছাড়া সাংবাদিকদের আটকের বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের বাকস্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না। গণমাধ্যমকর্মীদের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন করার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করত বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান বিএনপি সরকারের ক্ষেত্রে এ ধরনের এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।


Side banner
Link copied!