রাজধানীর পল্লবী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (৩ জুন) রাতে পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় থাকেন। পারিবারিক সমস্যার কারণে প্রায় এক যুগ আগে তিনি দেশে ফিরে এসে একাই বসবাস শুরু করেন।
পুলিশের ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে এক স্বজনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে একই এলাকায় আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :