• ঢাকা
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:২৫ পিএম
যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উত্তর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে।

 

আহত জাকারিয়ার ভাষ্য, উত্তর ধলপুর এলাকায় ৬-৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তাদের একজনকে ‘ইমরান, দৌড় দিবি না’ বলতে শোনা যায় বলে দাবি করেন তিনি।

জাকারিয়া জানান, গুলির একটি তার পায়ে লাগে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে চলে যায় বলেও তিনি দাবি করেন।

 

আহত জাকারিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ঠিকানা উত্তর ধলপুরের ৫৪/এ নম্বর বাসা বলে জানা গেছে। তিনি সফর আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে।


Side banner
Link copied!