পবিত্র হজ পালনে সৌদি আরবের নির্ধারিত নিয়ম না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ করে অনুমতি ছাড়া হজ পালন বা চেষ্টা করলে বড় অঙ্কের জরিমানা, বহিষ্কার এবং দীর্ঘমেয়াদি ভ্রমণ নিষেধাজ্ঞার মতো শাস্তি হতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের হজবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া কেউ হজ পালন বা চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর সঙ্গে সৌদি আরব থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।
এ ছাড়া অবৈধভাবে হজ পালনে সহায়তা, পরিবহন, আবাসন বা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সৌদি আরব-এর নতুন বিধান অনুযায়ী, শুধুমাত্র অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা এবং নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই নিয়ম সৌদিতে অবস্থানরত বাসিন্দা ও সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে আইন প্রয়োগে অভিযান শুরু করেছে। তাই হজযাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার পাশাপাশি প্রতারণামূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :