আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড ও নকশা পরিবর্তন করতে পারবেন। নতুন সুবিধায় স্থির ওয়ালপেপারের পাশাপাশি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডও ব্যবহারের সুযোগ থাকছে।
নতুন থিমগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন দলের বাছাই করা থিম রাখা হয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য নেচার বিভাগে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের নকশা।
অ্যানিমেটেড ওয়ালপেপার যারা পছন্দ করেন, তাদের জন্য রয়েছে লাইভ বিভাগ। এসব ওয়ালপেপারের থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট ‘লাইভ’ চিহ্ন দেখা যাবে। ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও একইভাবে চিহ্নটি দেখানো হবে।
মিনিমাল বিভাগে রাখা হয়েছে অপেক্ষাকৃত সরল ডিজাইনের থিম। এতে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুযোগ থাকবে।
অন্যদিকে, ডুডল বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডলধাঁচের বিভিন্ন ওয়ালপেপার।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন থিম গ্যালারির বিষয়ে আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এখন ফিচারটি ধীরে ধীরে আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
তাই অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরও অনেক ব্যবহারকারী সঙ্গে সঙ্গে নতুন চ্যাট থিম দেখতে নাও পারেন। পর্যায়ক্রমে সবার ডিভাইসে সুবিধাটি পৌঁছে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :