২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে পেরুর শামন, ব্রাজিলের একটি জাগুয়ার এবং থাইল্যান্ডের একটি সিংহের প্রতীকী পূর্বাভাস। যদিও এসব অনুমানের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বিশ্বকাপের আবহে তা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
পেরুর আধ্যাত্মিক শামনদের দাবি, স্পেন কঠিন লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাই শিরোপা ধরে রাখবে। শামন হুয়ান দে দিয়োস গার্সিয়ার ভাষ্য, তাদের আধ্যাত্মিক অনুধাবন অনুযায়ী আর্জেন্টিনাই ফাইনালে জয় পেয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে।
একই ধরনের প্রতীকী ইঙ্গিত মিলেছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি বায়ো পার্কেও। সেখানে ‘পটি’ নামের একটি জাগুয়ারের সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকাযুক্ত দুটি বাক্স রাখা হলে প্রাণীটি আর্জেন্টিনার পতাকাবাহী বাক্সটি বেছে নেয়। পার্ক কর্তৃপক্ষ এটিকে শুধুই প্রতীকী নির্বাচন হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে থাইল্যান্ডের খন কায়েন চিড়িয়াখানার ‘বয়’ নামের একটি সিংহ ভিন্ন ইঙ্গিত দিয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের পতাকার নিচে রাখা খাবারের মধ্যে তিনবারের পরীক্ষায় দুইবার স্পেনের পতাকার নিচের খাবার বেছে নেয় প্রাণীটি। এর ভিত্তিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতীকীভাবে স্পেনকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখছে।
তবে চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন স্পষ্ট করে জানিয়েছেন, এই আয়োজনের উদ্দেশ্য ম্যাচের ফল নির্ধারণ বা ভবিষ্যদ্বাণী করা নয়। বরং প্রাণীর স্বাভাবিক আচরণ, খাদ্য অনুসন্ধান, চলাফেরা ও মানসিক উদ্দীপনা বাড়ানোর জন্যই এমন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, এটি কোনোভাবেই জুয়া বা বাজি ধরাকে উৎসাহিত করার উদ্যোগ নয়; বরং প্রাণীকল্যাণ, জনসচেতনতা এবং পর্যটনকে উৎসাহিত করার একটি বিনোদনমূলক আয়োজন।
ফুটবল ম্যাচের ফল নিয়ে প্রাণীদের মাধ্যমে প্রতীকী পূর্বাভাস দেওয়ার ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির অক্টোপাস ‘পল’-এর সফল পূর্বাভাস বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও নানা দেশের চিড়িয়াখানায় এ ধরনের আয়োজন দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এসব প্রতীকী পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই, যখন নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
আপনার মতামত লিখুন :