যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর নজরে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। জাতীয় দলের সম্ভাব্য নতুন মুখদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র দলের জন্য নতুন খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়ায় সুলিভানসহ বেশ কয়েকজন তরুণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পচেত্তিনো জানিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে আগ্রহী উদীয়মান ফুটবলারদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্কাউটরা বিভিন্ন ম্যাচে তাদের পারফরম্যান্স দেখছেন, পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও সরাসরি মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের মূল্যায়ন করছেন।
সম্ভাবনাময় তরুণদের তালিকায় কাভান সুলিভান ছাড়াও হাভিয়ার গোজো, জুলিয়ান হল, আদ্রি মেহমেতি, ম্যাথিস অ্যালবার্ট ও দিয়েগো কোচেনের নাম রয়েছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় ১৬ বছর বয়সী কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সর্বশেষ তিন ম্যাচে তিন গোল করে নজর কেড়েছেন তিনি। তার এই ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডও তরুণ সুলিভানদের দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
সুলিভান নিজেও জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত বলে মনে করেন। তবে পচেত্তিনোর দৃষ্টিতে শুধু মাঠের দক্ষতা যথেষ্ট নয়; একজন তরুণ খেলোয়াড়ের আচরণ, শৃঙ্খলা ও মানসিক পরিপক্বতাও সমান গুরুত্বপূর্ণ।
তরুণ ফুটবলারদের মাঠ ও মাঠের বাইরে বিনয় ধরে রেখে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, বড় তারকাদের মতো আচরণের আগে তরুণদের নিজেদের অবস্থান ও দায়িত্ব বুঝতে হবে।
আপনার মতামত লিখুন :