• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রধান শিক্ষকের ওপর হামলা: যুবদল নেতা বহিষ্কার


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৪ পিএম
প্রধান শিক্ষকের ওপর হামলা: যুবদল নেতা বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। অভিযুক্ত ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বহিষ্কারাদেশ কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি সংগঠনের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজেও প্রকাশ করা হয়েছে।

ঘটনাটি ঘটে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার পর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। এতে তার ডান হাত ভেঙে যায়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান এবং ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান শিকদার ও তাদের অনুসারীদের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, বহিষ্কারের বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি এবং বিস্তারিত জানেন না।

দলীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না এবং সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


Side banner
Link copied!