• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০১:৫৫ পিএম
তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন

টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে ছিল।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী এবং শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ওপরে রয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে রাতের দিকে পানির স্তর কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।


Side banner
Link copied!