• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

খুলনায় থানার কাছে গুলি করে যুবক হত্যা, পালাল হামলাকারীরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:৩৬ পিএম
খুলনায় থানার কাছে গুলি করে যুবক হত্যা, পালাল হামলাকারীরা

খুলনা নগরীতে দৌলতপুর থানার কাছেই জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা তিন হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের টহল দলের ধাওয়া খেলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি থানা থেকে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরে বলে জানা গেছে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে কুলিবাগান মোড়ে আসে। তারা জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পুলিশের একটি টহল দল তাদের পিছু নিলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

গুলিবিদ্ধ জলিলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।


Side banner
Link copied!