বগুড়ায় বাজার সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এক যুবলীগ নেতাকে অপহরণের পর নির্মম নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা আলাল শেখ। তিনি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গত ২৭ মার্চ শহরের শাহ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে তাকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি তাকে বাজার এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। সেখানে তাকে বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় এবং তার হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক পূর্বশত্রুতা ও নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় শহর যুবদলের এক নেতাকে প্রধান অভিযুক্ত হিসেবে দায়ী করেছেন।
এ ঘটনায় আলাল শেখের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
ডিবি পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান আসামিসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :