• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

একাধিক ঠিকানা ও সম্পদ নিয়ে প্রশ্নের মুখে কর অঞ্চল-৩ এর কর্মচারী মো. জুলহাস উদ্দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:২৪ পিএম
একাধিক ঠিকানা ও সম্পদ নিয়ে প্রশ্নের মুখে কর অঞ্চল-৩ এর কর্মচারী মো. জুলহাস উদ্দিন

জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীন ঢাকা কর অঞ্চল-৩ এর কর্মচারী মো. জুলহাস উদ্দিন আহমেদকে ঘিরে অনিয়ম, তথ্য গোপন এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্যের নানা অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরিতে যোগদানের সময় স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য নিয়ে অসঙ্গতি, একাধিক পরিচয় ব্যবহার এবং সম্পদের উৎস নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৯৩ সালে নৈশ প্রহরী হিসেবে চাকরিজীবন শুরু করেন জুলহাস উদ্দিন। পরে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে বর্তমানে কর অঞ্চল-৩ এ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের সময় তিনি এক জেলার ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিতে অন্য জেলার ঠিকানা পাওয়া গেছে। এ কারণে তার চাকরিতে ব্যবহৃত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া আয়কর রিটার্ন, টিআইএন নিবন্ধন এবং কর সংক্রান্ত কাগজপত্রেও নিয়মের ব্যত্যয়ের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কর্মস্থলকে কেন্দ্র করে কর ব্যবস্থাপনায় বিশেষ সুবিধা নেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে কিছু নিয়ম এড়িয়ে গেছেন তিনি।

অন্যদিকে অনুসন্ধানে তার ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, জমি ও বাড়িসহ বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে পরিবারের উচ্চ ব্যয়, বিদেশে শিক্ষা ব্যয় এবং সামাজিক কর্মকাণ্ডে বড় অঙ্কের আর্থিক অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জুলহাস উদ্দিন কিছু বিষয়ে ভুলের কথা স্বীকার করলেও সম্পদ ও অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহল দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!