• ঢাকা
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বনানী সুপার মার্কেট নিয়ন্ত্রণে আওয়ামী লীগ চক্র এখনো সক্রিয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৩:২৯ পিএম
বনানী সুপার মার্কেট নিয়ন্ত্রণে আওয়ামী লীগ চক্র এখনো সক্রিয়

রাজধানীর অভিজাত এলাকা বনানীর বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ উঠছে। বিশেষকরে মার্কেটের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত  বাতেন, রোমানসহ একটি চক্র এখনো মার্কেটের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে চলেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাদের প্রভাব পুরোপুরি কমেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের ।

ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের বেইজমেন্ট মূলত গাড়ি রাখার জন্য নির্ধারিত হলেও সেখানে কার পার্কিংয়ের বাইরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি ও জায়গা ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন পার্কিং সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে চলাচল নিয়েও প্রশ্ন উঠছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মার্কেটের জায়গা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করার প্রবণতা রয়েছে। কারা কোন জায়গা কীভাবে ব্যবহার করছেন, স্থাপনা তৈরির অনুমোদন রয়েছে কি না এবং এসব স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না—এসব বিষয় নিয়েও রয়েছে নানা প্রশ্ন? 

মার্কেটের ব্যবস্থাপনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে  মার্কেটের বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

ব্যবসায়ীদের প্রশ্ন, মার্কেটের বেইজমেন্ট যদি কার পার্কিংয়ের জন্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেখানে কার পার্কিংয়ের বাইরে কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন কে দিয়েছে? এসব স্থাপনার বৈধতা যাচাই এবং অনুমোদন থাকলে তার কাগজপত্র প্রকাশ করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন, রাজউক, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। 

তাদের মতে, কোনো স্থাপনা অনুমোদিত নকশা বা বিধিমালা লঙ্ঘন করে নির্মিত হয়ে থাকলে তা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে মার্কেটের ব্যবস্থাপনায় কোনো গোষ্ঠী অবৈধভাবে প্রভাব বিস্তার করছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।


Side banner
Link copied!