নারায়ণগঞ্জের সাত থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযানটি চালানো হয়েছে।
সদর মডেল থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লায় মাদক সংশ্লিষ্ট ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ২ জনসহ মোট ২১ জন গ্রেপ্তার হন। এ সময় তিন বোতল বিদেশি মদ, ১০টি ইয়াবা ও ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
রূপগঞ্জে মাদকসেবী ও কারবারি ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বন্দর থানায় বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার ৩ জন, ছিনতাইয়ের অভিযোগে ১ জন, মাদকসেবী ৩ জন, মাদক কারবারি ৪ জন এবং বিভিন্ন পরোয়ানা ও আগের মামলার আসামিরা রয়েছেন। এ ছাড়া দুটি মাদক মামলা করা হয়েছে এবং ১০১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে ১৪ জন এবং সোনারগাঁয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজারে মাদক মামলা, সাজা ও পরোয়ানাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬ জন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী অভিযানটির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :