পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা এবং সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে সাধারণ মানুষ ও পরিবহন খাতের জন্য স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, রোজার ঈদ ও বর্তমান কৃষি মৌসুমের প্রয়োজন বিবেচনা করে জ্বালানি তেল বিক্রিতে আর কোনো রেশনিং থাকবে না। আজ থেকেই দেশের সব ফিলিং স্টেশনে স্বাভাবিক নিয়মে জ্বালানি সরবরাহ ও বিক্রি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ করতে পারবেন।
তিনি বলেন, কয়েকটি বিশেষ বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, সম্প্রতি দেশে একাধিক জ্বালানি তেলের জাহাজ এসেছে। দ্বিতীয়ত, সামনে ঈদুল ফিতর এবং তৃতীয়ত বোরো ধান মৌসুমে কৃষিকাজের জন্য জ্বালানির চাহিদা বেড়েছে।
এ সময় জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে মানুষের উদ্বেগ থাকাটা স্বাভাবিক। তবে সরকার বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :