দেশে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মন্ত্রী জানান, ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী সবাই তেল পাবেন বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অতিরিক্ত তেল সংগ্রহ না করলে সরবরাহ স্বাভাবিক থাকবে। জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান তিনি।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন কাজ করে, তবে সরকার এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।
মন্ত্রী আরও জানান, ভর্তুকি দিয়ে তেল আমদানি অব্যাহত রয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সরবরাহ বিঘ্ন ও বাড়তি চাহিদার কারণে সাময়িক এই পরিস্থিতি তৈরি হলেও শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে।
আপনার মতামত লিখুন :