• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আবারও বাড়ল সোনা-রুপার দাম, আজ থেকে কার্যকর নতুন মূল্য


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১২:০২ পিএম
আবারও বাড়ল সোনা-রুপার দাম, আজ থেকে কার্যকর নতুন মূল্য

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর বুধবার (১৭ জুন) থেকে নতুন দরে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন এবং দেশীয় বাজারে খাঁটি সোনা ও রুপার মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার মূল্য ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা

আগের দামের তুলনায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েক দিন আগেও একই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বেড়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে সোনার দাম ইতোমধ্যে ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৪৬ বার পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বৃদ্ধি এবং ২২ বার হ্রাস পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও সোনা ও রুপার দাম বাড়ছে। ফলে অলংকার ক্রেতা এবং স্বর্ণ ব্যবসায়ী—উভয় পক্ষকেই নতুন দামের প্রভাব বিবেচনায় লেনদেন করতে হচ্ছে।


Side banner
Link copied!