• ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৪৬ পিএম
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

অবিরাম বৃষ্টিপাত ও রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে নির্ধারিত অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা স্থগিতের বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করেছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা পিছিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা বাতিল করেছে, আবার কিছু প্রতিষ্ঠান পুরো দিনের পরীক্ষাই স্থগিত করেছে।

পরীক্ষা স্থগিত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কামরুন্নেছা স্কুল, মিল্লাত হাই স্কুল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বিসিআইসি কলেজ, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং ফজলুল হক মহিলা কলেজ।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে পরবর্তী একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!