• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও ৩৫ লাখ পাবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০২:৫০ পিএম
দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও ৩৫ লাখ পাবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিশুদের রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিকে সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, এর আওতায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কার্যক্রমে কোনো কারণে বাদ পড়া শিশুদের শনাক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মীরা এসব শিশুর কাছে পৌঁছে টিকা দেওয়ার জন্য কাজ করছেন।

ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এই কার্যক্রম এখানেই শেষ হচ্ছে না। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

দুর্গম এলাকায় কর্মসূচির বিস্তৃতি তুলে ধরে তিনি বলেন, পাহাড়ি অঞ্চল ও প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুদের কাছেও টিকাদান কার্যক্রম পৌঁছানো হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের সমন্বিত প্রচেষ্টায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টিকাদান কর্মসূচিতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিদের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে জানিয়ে ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার বিষয়টিও সরকারের অগ্রাধিকারে রয়েছে।

তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ। তাই কোনো শিশুকে টিকাদানের বাইরে না রাখার লক্ষ্যেই আগামী দিনগুলোতে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আগামী এক মাসে দেশের বিভিন্ন এলাকায় আরও প্রায় ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


Side banner
Link copied!