• ঢাকা
  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি, উদ্ধার ২


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১১:২৭ এএম
বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি, উদ্ধার ২

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক নিয়ে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) জাহাজটি ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’। এটি পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।

 

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিকের গুঁড়া নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিক ছিল।

বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর ছাড়ার পর জাহাজটি বন্দরের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয়কেন্দ্র শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। পরে জাহাজটির সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার আবেদন জানায়।

এরপর কাছাকাছি অবস্থান করা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই জাহাজের মাধ্যমে রাত ৮টার দিকে দুজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়।

বাকি ২২ জনের অবস্থান জানতে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

উদ্ধার তৎপরতা জোরদার করতে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।

ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বিতভাবে নিখোঁজ নাবিকদের উদ্ধারে কাজ করছে।

 

জাহাজটিতে একজন বাংলাদেশি নাবিক থাকায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া দুজনের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ জাহাজের নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্ধার অভিযান সফলভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।


Side banner
Link copied!