• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৮:৫৪ পিএম
মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে পানিতে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষার্থীরা সেখানে ভ্রমণে গিয়ে সমুদ্রে নামার পর স্রোতে ভেসে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা সবাই পুনের আলান্দি এলাকার একটি বেসরকারি কোচিং প্রতিষ্ঠান উইনার্স একাডেমির শিক্ষার্থী। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ৪৮ সদস্যের একটি দল দিভেগারে ভ্রমণে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষক ছিলেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সমুদ্রে সাঁতার কাটতে নামেন। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা ঠিকভাবে বুঝতে না পারায় আটজন পানির টানে ভেসে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন।

উদ্ধারকারীরা আট শিক্ষার্থীকে পানি থেকে তুলে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পর দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভ্রমণে গিয়ে একসঙ্গে আট শিক্ষার্থীর মৃত্যুতে পুনে ও রায়গড় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি দিভেগার সমুদ্রসৈকতে পর্যটক ও শিক্ষার্থী দলের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।


Side banner
Link copied!