• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:৫৩ এএম
সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এসকে সুর)কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

রায়ের দিন কারাগার থেকে এসকে সুরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা অনুযায়ী তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে দুদক এসকে সুর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিবরণ দাখিলের নির্দেশ দেয়। তিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর সম্পদের হিসাব দাখিলের নোটিশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

এ ঘটনায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এসকে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই বছরের ২৫ আগস্ট দুদক তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!