চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সুবিধাভোগীদের মাঝে ঈদ উপলক্ষে বিতরণ করা চালের মান নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া চালের মধ্যে পচা ও ভাঙা চাল মিশিয়ে বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, এক বস্তা ভালো চালের সঙ্গে দুই বস্তা পচা ও ভাঙা চাল মিশিয়ে বিতরণ করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে এবং কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে নারায়ণপুর পৌরসভায় চাল বিতরণের সময় পচা ও ভাঙা চাল পাওয়া গেলে প্রায় ৪৭ বস্তা চাল ফেরত পাঠানো হয় খাদ্য গুদামে। এছাড়াও উপাদী দক্ষিণ ও খাদেরগাঁও ইউনিয়নসহ আরও কয়েকটি এলাকায় একই ধরনের চাল বিতরণের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপাদী দক্ষিণ ও খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, তারা খাদ্য গুদাম থেকে যেভাবে চাল পেয়েছেন সেভাবেই তা বিতরণ করেছেন।
খাদ্য গুদাম কর্মকর্তা আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাল চট্টগ্রাম থেকে বস্তাবন্দি অবস্থায় এসেছে এবং তারা যেমন পেয়েছেন তেমনই বিতরণের জন্য দিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ভালো মানের চাল সরিয়ে রেখে পচা ও ভাঙা চাল বিতরণের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গুদাম সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশ থাকতে পারে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম ভবিষ্যতেও চলতে পারে এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
আপনার মতামত লিখুন :