• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

গ্রন্থমেলায় ৩০০ সিসিটিভি, মব হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩০ পিএম
গ্রন্থমেলায় ৩০০ সিসিটিভি, মব হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মব’ পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা–সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি জানান, পুরো মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ পুলিশ টিম মোতায়েন থাকবে।

নারী ও শিশু দর্শনার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর চাপ বৃদ্ধি পাবে—এ বিবেচনায় বিশেষ ট্রাফিক ও জননিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মেলা প্রাঙ্গণের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও নজরদারি থাকবে বলে জানান অতিরিক্ত কমিশনার। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন তারেক রহমান। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।


Side banner
Link copied!