• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত সরকারের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০২:৩৩ পিএম
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত সরকারের

দেশব্যাপী পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই বড় নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় শূন্য পদ পূরণের লক্ষ্যে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলাধুলার অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে খেলার মাঠ গড়ে তোলা হবে।

এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর উদ্যোগ নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জনকে ভাতা প্রদান করা হয়েছে।

এছাড়া বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। ভাষা শিক্ষার জন্য ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়েছে।

সরকারের এই উদ্যোগগুলোকে কর্মসংস্থান বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।


Side banner
Link copied!