• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়া যেতে নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:১৪ পিএম
মালয়েশিয়া যেতে নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বাস্তবে কর্মীদের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ ও তথ্য সামনে আসায় নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। কিন্তু সংশ্লিষ্টদের পক্ষ থেকে কর্মীদের ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে ব্যয় থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সংস্থাটি। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে বোয়েসেল।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগে নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মী পাঠানো সম্ভব হবে।

বোয়েসেলের এ উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে তাঁদের চূড়ান্ত নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

সংস্থাটি জানায়, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ নিয়োগে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও নির্বাচনপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।


Side banner
Link copied!