• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীকে সপরিবার ইফতারের আমন্ত্রণ জানাল জামায়াত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৪০ পিএম
প্রধানমন্ত্রীকে সপরিবার ইফতারের আমন্ত্রণ জানাল জামায়াত

তারেক রহমান-কে সপরিবার ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত ইফতারে অংশ নিতে প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সরকার গঠনের পর এটিই ছিল উভয় পক্ষের আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে তিনি বলেন, রাজনীতির সব ধরনের বিতর্ক ও মতপার্থক্যের ক্ষেত্র হওয়া উচিত সংসদ।

জামায়াত নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও অতীতের অনাকাঙ্ক্ষিত চর্চা যেন আর ফিরে না আসে। সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।

বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহমর্মিতার মাধ্যমে দেশকে স্থিতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।


Side banner
Link copied!