• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার, রাজপথে আন্দোলনের ইঙ্গিত নাহিদের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:২২ পিএম
শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার, রাজপথে আন্দোলনের ইঙ্গিত নাহিদের

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে এবং এ লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে রাজপথে আন্দোলনের পথও বেছে নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বর্তমান সরকার তা ভঙ্গ করেছে। তার মতে, অতীতে যারা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের রাজনৈতিক পরিণতি ভালো হয়নি—বর্তমান সরকারকেও সেই বাস্তবতা বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে নতুন জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা কাজ করছেন। শ্রমিকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কাঠামোয় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে।

আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু সংসদের ভেতরে নয়, প্রয়োজনে রাজপথেও সক্রিয় হতে হবে। গণআন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তারা শুরুতে সহযোগিতার মনোভাব নিয়ে এগোলেও সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ফলে শ্রমিকসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


Side banner
Link copied!