• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসন চায় এনসিপি


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:২২ পিএম
প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসন চায় এনসিপি

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অভিশংসনের পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে সেনা শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই-আগস্টের সহিংসতার সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং নীরব ভূমিকা রেখেছেন। তাঁর ভাষ্য, নতুন সংসদে সরকারি ও বিরোধী দল একসঙ্গে এ বিষয়ে উদ্যোগ নেবে, কারণ ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ রয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি উঠলেও রাজনৈতিক ঐকমত্যের অভাবে তা বাস্তবায়িত হয়নি। তবে নতুন সরকার ও সংসদ গঠনের পর রাষ্ট্রপতির পদে থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে নৈতিক ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এবং অভিশংসনের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তারের উদ্যোগও নেওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্রপতির পদে যে মর্যাদা ও নিরপেক্ষতা প্রত্যাশিত, তা বর্তমান রাষ্ট্রপতির মধ্যে অনুপস্থিত।

এদিকে আওয়ামী লীগের অফিস খোলা সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকার স্বীকার করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এ নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছে কি না, তা তাদের জানা নেই বলেও মন্তব্য করেন।

আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, সরকার যদি আইন প্রয়োগে ব্যত্যয় ঘটায়, তবে জনগণের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন হতে পারে।


Side banner
Link copied!