লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বয়ে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশ এলাকায় অবস্থানরত ১৪৫ জন অসহায় ও অসুস্থ বাংলাদেশিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে আনা হয়। তারা স্বেচ্ছায় প্রত্যাবাসনে সম্মতি দেন।
জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় প্রবেশ করেন। তাদের মধ্যে অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
আইওএম প্রত্যেককে পথখরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :