চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক তরুণ দালালের প্রলোভনে দক্ষিণ আফ্রিকায় গিয়ে করুণ মৃত্যুবরণ করেছেন। নিহত মোহাম্মদ ফাহাদ (১৮) উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ঢাকার এক দালালের সঙ্গে ৯ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা পাঠানোর চুক্তি হয়। সেদিন বিকেলে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Ethiopian Airlines-এর একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন।
পরবর্তীতে বিভিন্ন দেশ ঘুরে তাকে দক্ষিণ আফ্রিকার সীমান্তবর্তী এলাকায় নামানো হয়। সেখান থেকে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে তিনি মসিনা শহরে পৌঁছান। সেখানে একটি ভাড়া বাসায় তাকে রাখা হয়।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কয়েক দিনের মধ্যেই ফাহাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, রোববার আসরের সময় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
নিহতের পরিবার জানায়, তার দুই মামা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন এবং মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। শোকাহত পিতা বলেন, উন্নত জীবনের আশায় ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু এখন মরদেহ ফেরানোর প্রস্তুতি নিতে হচ্ছে।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :