যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসা নিয়ে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফাস্টফুড দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার সময় এক বন্দুকধারী দোকানের ভেতরে প্রবেশ করে হঠাৎ গুলি চালায়। এতে সেখানে কর্মরত রাজু এবং দোকানে থাকা আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
রাজুর শরীরের গুরুত্বপূর্ণ অংশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে অন্য ব্যক্তির সঙ্গে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তির পায়ে গুলি লাগে এবং চিকিৎসা শেষে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
নিহত মো. রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবার ও গ্রামের মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে।
নিউইয়র্ক পুলিশের বরাতে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলের আশপাশের তথ্য ও সম্ভাব্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, একই সপ্তাহে ব্রুকলিনের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ইস্ট নিউইয়র্ক এলাকায় পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হন। এসব ঘটনাতেও সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :