রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত এই এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য আলোচনায় রয়েছে। পরিস্থিতি পরিবর্তনে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় পুলিশকে নিষ্ক্রিয় বলে যে ধারণা তৈরি হয়েছিল, বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নির্বাচিত সরকারের অধীনে পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন এবং তাদের পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবেই বিশেষ অবদান রাখা সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :