নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে স্বর্ণালংকারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল ভোরে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় গ্রিল কেটে প্রবেশ করে ৫-৬ জনের একটি ডাকাতদল। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় দুই লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
গ্রেপ্তাররা হলেন—হালিম ওরফে বোচা হালিম, শাহিন খাঁ এবং নয়ন। প্রথমে গাবতলী এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ অপরজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের দেখানো মতে একটি ডোবা থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :