গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের মধ্যে কারও অবস্থা অবনতি হলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :