ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আব্দুস সামাদ মোটরসাইকেলে করে শহরের দিক থেকে আসছিলেন। এ সময় কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি রূপসা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অন্য একজনও আহত হন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌরসভার কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কর্মচারী আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে জানা যায়, তার অবস্থা আশঙ্কামুক্ত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :