• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২২ পিএম
নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ আটক

রায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

শনিবার র‍্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে র‍্যাবের একটি বিশেষ দল অংশ নেয়।

গ্রেফতারকৃত ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন।

তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি চক্র পরিচালনার অভিযোগও রয়েছে।

র‍্যাব জানায়, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা দায়ের রয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তাকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। গ্রেফতারের পর তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


Side banner
Link copied!