বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের স্বজন জামাল জানান, বিস্ফোরণের পর তার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তবে বালুভর্তি বস্তার মধ্যে কীভাবে বিস্ফোরকসদৃশ বস্তু এল, সে বিষয়ে পরিবারের কারও জানা নেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃতি এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের কারণ এবং ব্যবহৃত বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :