এটিএম বুথে কার্ড আটকে যাওয়ার ঝুঁকি কমাতে বাংলাদেশে চালু হয়েছে স্পর্শহীন বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির এটিএম সেবা। নতুন ব্যবস্থায় কার্ড মেশিনের নির্দিষ্ট স্থানে স্পর্শ করিয়েই টাকা তোলা এবং অন্যান্য ব্যাংকিং সেবা নেওয়া যাবে।
বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে এ প্রযুক্তি চালু করেছে। ব্যাংকটির গ্রাহকদের পাশাপাশি অন্য ব্যাংকের গ্রাহকেরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
সিটি ব্যাংক জানিয়েছে, এরই মধ্যে তাদের ৭০ থেকে ৮০টি এটিএমে এনএফসি সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নতুন এটিএম স্থাপন এবং পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রচলিত এটিএমে লেনদেনের সময় কার্ড নির্দিষ্ট স্লটে প্রবেশ করাতে হয়। বিদ্যুৎ বিভ্রাট, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে কার্ড মেশিনের ভেতরে আটকে যেতে পারে। নতুন ব্যবস্থায় কার্ড মেশিনে ঢোকানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট জায়গায় কার্ড স্পর্শ করালেই এটিএমের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান হবে।
ফলে কার্ড আটকে যাওয়ার ঝুঁকি কমার পাশাপাশি বারবার কার্ড প্রবেশ করানোর কারণে চিপ বা ম্যাগনেটিক স্ট্রিপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমবে।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, এনএফসি প্রযুক্তির অন্যতম সুবিধা হলো কার্ড ও এটিএমের মধ্যে তারবিহীন যোগাযোগ। প্রচলিত কার্ড ব্যবস্থায় স্কিমিংয়ের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি থাকলেও স্পর্শহীন প্রযুক্তিতে এ ধরনের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এতে কার্ড মেশিনে প্রবেশ না করিয়েই লেনদেন করা সম্ভব হবে।
এনএফসি সুবিধা শুধু সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ নয়। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় অন্য ব্যাংকের গ্রাহকরাও সিটি ব্যাংকের এনএফসি-সুবিধাযুক্ত এটিএম ব্যবহার করতে পারবেন। তবে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে।
ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে স্পর্শহীন এটিএমের ব্যবহার বাড়লে লেনদেনের সময় কমার পাশাপাশি কার্ড আটকে যাওয়ার মতো প্রচলিত ভোগান্তিও কমতে পারে। ভবিষ্যতে এনএফসি-সমর্থিত কার্ড ও এটিএমের ব্যবহার বাড়লে দেশের ব্যাংকিং সেবায় এ প্রযুক্তির পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :