• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন দর ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০১:২৬ পিএম
আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন দর ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দামের তুলনায় ভরিতে বেড়েছে ১ হাজার ১০৮ টাকা

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামও বেড়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা

এক ভরি সোনা বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রামকে বোঝানো হয়েছে। তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

আগের দাম থেকে কত বাড়ল

এর আগে ৮ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলঙ্কার বিক্রির সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। অলঙ্কার বিনিময় ও পুরোনো সোনা কেনাবেচার ক্ষেত্রেও সংগঠনটির আগের নিয়ম বহাল থাকবে।

রুপার দামও বেড়েছে

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪ টাকা

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত সোনার দাম ১০১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ বার দাম বেড়েছে, ৫০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


Side banner
Link copied!