• ঢাকা
  • রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কওমি শিক্ষাকে আধুনিকায়নে উদ্যোগ, সমমানের স্বীকৃতির আভাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:৫০ পিএম
কওমি শিক্ষাকে আধুনিকায়নে উদ্যোগ, সমমানের স্বীকৃতির আভাস

কওমি মাদ্রাসা শিক্ষাকে নীতিমালার আওতায় এনে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এ শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমানের পর্যায়ে আনার বিষয়েও আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের শিক্ষা বিষয়ক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই ধারার শিক্ষাকে এসএসসি ও এইচএসসির সমমানের পর্যায়ে আনার পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় জিপিএ নির্ভর প্রতিযোগিতার চাপ কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সুবিধাজনক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার মাঠ, আধুনিক শিক্ষা পরিবেশ ও মিড-ডে মিল চালুর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে আনন্দঘন পরিবেশ তৈরি এবং পাঠ্যক্রম উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষা খাতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলোর বাস্তবায়ন চলমান রয়েছে।


Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!