দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে নতুন একটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়গুলোর তথ্য যাচাই করে দ্রুত প্রত্যয়নপত্র পাঠানোর জন্য দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক কার্যক্রম চলছে। প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি কর্পোরেশনের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে। এতে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের আগে নির্বাচিত বিদ্যালয়গুলোর তথ্য নির্ভুল ও হালনাগাদ থাকা নিশ্চিত করতে হবে। এ জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ জেলার তালিকাভুক্ত বিদ্যালয়ের তথ্য যাচাই করে নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যয়নপত্রে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি ১১টি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোর তালিকা ও প্রত্যয়নপত্রের নমুনাও জেলা পর্যায়ে পাঠানো হয়েছে, যাতে যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন, শ্রেণিকক্ষ, নিরাপদ পানির ব্যবস্থা, স্যানিটেশন, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য শিক্ষা-সহায়ক অবকাঠামোর উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :