দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন এই আদেশ অনুযায়ী, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিংবা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকবে। পাশাপাশি এই বর্ধিত সময়ে সংশ্লিষ্ট কমিটির সভাপতিরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে যথানিয়মে স্বাক্ষর করতে পারবেন।
প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতেই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাটির অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :