• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৭:০৭ পিএম
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

দেশজুড়ে হামের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সর্বশেষ এই তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) থেকে দেশে শুরু হওয়া প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশে শিশুদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি।

এদিকে হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। এখন পর্যন্ত হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বড় একটি অংশ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে। সরকার ইতোমধ্যে দেশব্যাপী জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


Side banner
Link copied!