যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় মার্কিন জ্বালানি কোম্পানির একটি শোধনাগারে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
নগর প্রশাসন জানায়, বিস্ফোরণের পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে কর্মরত সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এই শোধনাগারটি প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিশোধন করে। তাই এর কার্যক্রম ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :