হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন সামুদ্রিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগকে কেন্দ্র করে ইতোমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, এবং এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সকালে এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো অপরাধ না করেও যারা পরিস্থিতির শিকার হয়ে প্রণালিতে আটকে পড়েছেন—তাদের মুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি এটিকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়া জরুরি, কারণ অনেক জাহাজে খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বের বক্তব্য দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে না।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :