ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভেকে) ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে।
সোমবার (৪ মে) প্রকাশিত ফলাফলের ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ২৩৪ আসনের এই নির্বাচনে বিজয়ের দল শক্ত অবস্থান তৈরি করেছে। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি যেখানে ডিএমকে ও এআইএডিএমকে—এই দুই প্রধান দলের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে নতুন এই দলটি তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন পেয়েই বিজয়ের দল এত বড় সাফল্যের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পুনরায় ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী থাকলেও, বিজয়ের এই অপ্রত্যাশিত উত্থান নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই পরিষ্কার হবে—চলচ্চিত্রের তারকা বিজয় রাজনীতির মঞ্চে কতটা সফলভাবে নিজের অবস্থান তৈরি করতে পারলেন।
আপনার মতামত লিখুন :